
দেরিতে হলেও অবশেষে বাংলাদেশ ফুটবল জাতীয় দলে ডাক পেল কিউবা মিচেল। আগামী ১৮ নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে নেপালের সাথে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে স্বাগতিকরা।

কিউবা মিচেল। ছবি: সংগৃহীত
আসন্ন দুটি আন্তর্জাতিক ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্কোয়াডে জায়গা পেয়েছেন নতুন দুই মুখ—বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ মিডফিল্ডার কিউবা মিচেল এবং ফর্টিস এফসির উইঙ্গার মোরশেদ আলী। মাত্র ১৯ বছর বয়সী কিউবা প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন, আর মোরশেদ উঠেছেন অনূর্ধ্ব–২৩ দল থেকে সিনিয়র দলে।
জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছিল গত ৩০ অক্টোবর। প্রায় ছয় দিন পর আজ (রবিবার) দুপুরে ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ওই স্কোয়াডেই অন্তর্ভুক্ত করা হয়েছে কিউবা ও মোরশেদকে।
আরও পড়ুনঃ
মেসির জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে ইন্টার মায়ামি
ভিনিসিয়াস জুনিয়রকে বিক্রি করে আর্লিং হালান্ডকে কিনবে রিয়াল মাদ্রিদ
দলীয় সূত্রে জানা গেছে, ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম ও ডিফেন্ডার রহমত মিয়া ইনজুরির কারণে দল থেকে ছিটকে যাওয়ায় কোচ হাভিয়ের কাবরেরা বিকল্প হিসেবে এই দুই ফুটবলারের নাম যুক্ত করেছেন।
ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলার অভিজ্ঞতা রয়েছে কিউবার। এবারই প্রথমবারের মতো লাল-সবুজ জার্সিতে মাঠে নামার সুযোগ পাচ্ছেন এই প্রতিভাবান মিডফিল্ডার।
অন্যদিকে, সাম্প্রতিক সময়ে অনূর্ধ্ব–২৩ দলের হয়ে দারুণ পারফরম্যান্স করে নজর কাড়েন মোরশেদ আলী। এএফসি অনূর্ধ্ব–২৩ চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বের ক্যাম্পেও ছিলেন তিনি। সেই ধারাবাহিকতাতেই এবার তাকে জায়গা দেওয়া হয়েছে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে।