
বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি পর্বে বড় ধাক্কা খেল নেদারল্যান্ডস। ঘরের মাঠে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শক্তিশালী ডাচদের ১-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে আলজেরিয়া।
বুধবার রাতে রটারডামের ডি কুইপ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দীর্ঘ সময় গোলশূন্য থাকার পর শেষ মুহূর্তে জয়সূচক গোলটি আসে। ম্যাচের ৮৬তম মিনিটে ডান দিক দিয়ে দুর্দান্ত এক দৌড়ে বক্সে ঢুকে নিখুঁত শটে বল জালে পাঠান আলজেরিয়ার তরুণ উইঙ্গার আনিস হাজ মুসা। আন্তর্জাতিক ফুটবলে এটি ছিল তার প্রথম গোল, আর সেটিই দলকে এনে দেয় ঐতিহাসিক জয়।
প্রথমার্ধে নেদারল্যান্ডস আক্রমণে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি। বিরতির পর ধীরে ধীরে ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আলজেরিয়া। শেষ দিকে ডাচরা সমতায় ফেরার জন্য মরিয়া চেষ্টা চালালেও সফরকারীদের সংগঠিত রক্ষণভাগ তাদের হতাশ করে।
আলজেরিয়ার এই জয়ে বড় ভূমিকা ছিল গোলরক্ষক লুকা জিদানের। চোয়ালের চোট থেকে পুরোপুরি সেরে না উঠলেও মুখে বিশেষ সুরক্ষামূলক মাস্ক পরে মাঠে নামেন তিনি। ম্যাচজুড়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলের জয় নিশ্চিত করতে সহায়তা করেন এই তারকা গোলকিপার।
আরো পড়ুনঃ ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে পারেন এই ৬ তারকা
ম্যাচ শেষে হতাশা লুকাননি নেদারল্যান্ডস অধিনায়ক ভির্জিল ফন ডাইক। ডাচ গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, নিজেদের মাঠে এমন ফল মেনে নেওয়া কঠিন। তার মতে, ম্যাচের চিত্র অনুযায়ী তাদের অন্তত দুই গোলের ব্যবধানে এগিয়ে থাকার কথা ছিল। বিশ্বকাপ শুরুর আগে আক্রমণভাগের খেলোয়াড়রা নিজেদের ছন্দ ফিরে পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এদিকে বিশ্বকাপ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার নিউ ইয়র্কের উদ্দেশে রওনা দেবে নেদারল্যান্ডস। সেখানে উজবেকিস্তানের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলে দলটি যাবে কানসাস সিটিতে। আগামী ১৪ জুন ডালাসে জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ ‘এফ’-এ নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে ডাচরা।
অন্যদিকে আলজেরিয়া আগামী বুধবার বলিভিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ১৬ জুন কানসাস সিটিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নেমে শুরু করবে তাদের গ্রুপ ‘জে’ অভিযান।
দিনের অন্য ম্যাচে লুক্সেমবার্গকে ১-০ গোলে হারিয়েছে বিশ্বকাপে জায়গা না পাওয়া ইতালি। পোল্যান্ড ও নাইজেরিয়ার লড়াই শেষ হয়েছে ২-২ সমতায়। আর ডেনমার্ক ও ডিআর কঙ্গোর ম্যাচে কোনো দলই গোলের দেখা পায়নি।