
ভারতের বিপক্ষে বড় পরাজয়ের পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের তিন অভিজ্ঞ ক্রিকেটার—বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও শাদাব খান। পাকিস্তানের সাবেক তারকা ব্যাটার মোহাম্মদ ইউসুফ মনে করেন, টি-টোয়েন্টি দলকে নতুন করে গড়ার সময় এসেছে, আর সেই পথে বাধা হয়ে দাঁড়ালে এই তিনজনের অবসর নেওয়াই ভালো।
কলম্বোয় রোববার সন্ধ্যায় ভারতের বিপক্ষে ৬১ রানের ব্যবধানে হারে পাকিস্তান। ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১৪ রানেই গুটিয়ে যায় ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপ মঞ্চে ভারতের বিপক্ষে ৯ ম্যাচে এটি পাকিস্তানের অষ্টম হার—যা সমর্থকদের হতাশা আরও বাড়িয়েছে।
এই ম্যাচে প্রত্যাশার ধারেকাছেও যেতে পারেননি বাবর, শাহিন কিংবা শাদাব। টস হেরে ফিল্ডিংয়ে নেমে পাকিস্তানের বোলিং আক্রমণে সবচেয়ে বেশি খরুচে ছিলেন শাহিন ও শাদাব। নতুন বলে এক ওভার এবং ইনিংসের শেষ দিকে আরেক ওভার করে শাহিন ৩১ রান খরচ করেন, যদিও শেষ বলে একটি উইকেট পান। অন্যদিকে শাদাব তার একমাত্র ওভারেই দেন ১৭ রান।
আরও পড়ুনঃ ভারত-পাকিস্তান ম্যাচে সূর্য কুমারদের সহজ জয়
ব্যাট হাতেও খুব একটা অবদান রাখতে পারেননি তারা। ছয় নম্বরে নেমে শাদাব ১৫ বলে করেন মাত্র ১৪ রান। শাহিন করেন দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান, তবে সেটি ছিল নিছক লড়াইয়ের চেষ্টা—দলকে জয়ের পথে ফেরাতে যথেষ্ট নয়। আর চার নম্বরে নেমে বাবর আজম ৭ বলে ৫ রান করে অযথা শট খেলতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের হতাশা প্রকাশ করেন মোহাম্মদ ইউসুফ। তার মতে, “শাহিন, বাবর ও শাদাবের সময় শেষ। টি-টোয়েন্টি দলে এখন নতুন পারফর্মার দরকার। দুর্বল দলের বিপক্ষে জিতলে কোনো লাভ নেই, বড় ম্যাচে পারফর্ম করাটাই আসল।”
বর্তমানে তিন ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে পাকিস্তান। সুপার এইটে উঠতে হলে বুধবার নামিবিয়ার বিপক্ষে ম্যাচে জয় পেতেই হবে তাদের।