
সবশেষ তিনটি টি–টোয়েন্টি সিরিজে পরাজয়ের হতাশা নিয়েই বিশ্বকাপে এসেছিল West Indies cricket team। কিন্তু মূল আসরে এসে একেবারে ভিন্ন রূপ দেখাল ক্যারিবীয়রা। গ্রুপপর্বে টানা তিন ম্যাচ জিতে সবার আগে সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে তারা।
গ্রুপ ‘সি’-এর দিনের প্রথম ম্যাচে নেপালকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নেপালের করা ১৩৩ রানের লক্ষ্য তারা পেরিয়ে যায় ২৮ বল হাতে রেখেই। এই হারের ফলে দ্বিতীয় দল হিসেবে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো নেপালকে।
মুম্বাইয়ের Wankhede Stadium-এ রান তাড়ায় উদ্বোধনী জুটিতে ৪৩ রান যোগ করেন ব্রেন্ডন কিং ও শাই হোপ। ১৭ বলে ২২ রান করে কিং বিদায় নিলেও এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ক্যারিবীয়দের। তিন নম্বরে নেমে শিমরান হেটমায়ারের সঙ্গে জয়ের ভিত গড়ে তোলেন হোপ। ৩৮ বলে ফিফটি পূর্ণ করা হোপ শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৬১ রানে; তাঁর ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা। অন্য প্রান্তে হেটমায়ারও খেলেন কার্যকর ইনিংস—৩২ বলে ৪৬ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই বাঁহাতি ব্যাটার।
Read more: গুলবদিন নাইবের ফিফটি বৃথা, কিউইদের রেকর্ড রান তাড়ায় জয়
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নেপাল। মাত্র ২৩ রানেই হারায় ৪ উইকেট। একপ্রান্তে ব্যাটারদের আসা–যাওয়ার মধ্যেও লড়াই চালিয়ে যান দিপেন্দ্র সিং আইরে; ৪৭ বলে ৫৮ রানের ইনিংসে দলকে টেনে তোলেন তিনি। শেষ দিকে সোমপাল কামির ১৫ বলে ২৬ রানের ঝোড়ো ক্যামিওতে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রানের সংগ্রহ দাঁড় করায় নেপাল।
বল হাতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন জেসন হোল্ডার, চার উইকেট শিকার করে ম্যাচসেরা হন তিনি। এছাড়া আকিল হোসাইন, ম্যাথিউ ফোর্ড, শামার জোসেফ ও রস্টন চেজ নেন একটি করে উইকেট।
তিন ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। সমান ম্যাচে দুটি জয় নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে England cricket team। আর টানা তিন হার নিয়ে গ্রুপের তলানিতেই শেষ হলো নেপালের অভিযান।