
আলফনসো ডেভিসকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বায়ার্ন মিউনিখ শিবিরে। একের পর এক চোটে পড়ে কানাডিয়ান এই ফুল-ব্যাক এখন ক্লাবের ভেতরেও বড় আলোচনার বিষয় হয়ে উঠেছেন।
জার্মান গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সর্বশেষ ইনজুরির আগেই ডেভিসের শারীরিক অবস্থা নিয়ে চিন্তায় ছিল বায়ার্নের অভ্যন্তরীণ মহল। বিশেষ করে তার নতুন চুক্তির পর উচ্চ বেতন কাঠামো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গেছে, বছরে অতিরিক্ত প্রায় ৫ মিলিয়ন ইউরো যোগ হওয়ায় ক্লাবের কিছু দায়িত্বশীল ব্যক্তি মনে করছেন, ডেভিস এখন বায়ার্নের জন্য “অতিরিক্ত ব্যয়বহুল” হয়ে উঠছেন।
কারণ চুক্তি নবায়নের পর থেকেই একাধিকবার চোটে পড়েছেন এই গতি নির্ভর ডিফেন্ডার। শুধু সাম্প্রতিক সময় নয়, আগের কয়েক মৌসুমেও ইনজুরি সমস্যা পিছু ছাড়েনি তার। ফলে মাঠে ধারাবাহিকভাবে মাঠে নামতে পারছেন না তিনি।
আরও পড়ুনঃ
কেইনকে টপকে কিলিয়ান এমবাপে জিতছেন গোল্ডেন বুট
থামছেই না পিএসজি, টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগ ফাইনালে
পেশাদার ফুটবল এমন এক জায়গা, যেখানে আবেগের চেয়ে পারফরম্যান্স বেশি গুরুত্বপূর্ণ। আর বায়ার্ন মিউনিখ এর মতো ক্লাবে সেই চাপ আরও বেশি। তাই ডেভিসকে ঘিরে ক্লাবের অবস্থানও ধীরে ধীরে বদলাচ্ছে।
একসময় যাকে বায়ার্নের ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হতো, এখন তাকে আর “অবিক্রয়যোগ্য” ভাবা হচ্ছে না। যদিও তাকে বিক্রি করতে গেলেও বড় বাধা হয়ে দাঁড়াতে পারে তার দীর্ঘ চোটের ইতিহাস এবং বিশাল অঙ্কের বেতন।
এদিকে সম্ভাব্য বিকল্প খুঁজতে ইতোমধ্যেই নতুন ফুল-ব্যাকের খোঁজ শুরু করেছে বায়ার্ন। সাম্প্রতিক ইনজুরির পর সেই অনুসন্ধান আরও দ্রুত এগোতে পারে বলে মনে করা হচ্ছে।