
জো রুট অবশেষে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরির স্বাদ পেলেন। ব্রিসবেনে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ইংলিশ এই তারকা ব্যাটার প্রথম ইনিংসে করলেন দুর্দান্ত এক শতক। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সেঞ্চুরি পেতে তাঁর লেগেছে দীর্ঘ ৪৩৯৬ দিন, ৩০ ইনিংস, ১৬ টেস্ট এবং প্রায় ১২ বছরের অপেক্ষা। এটি তাঁর টেস্ট ক্যারিয়ারের ৪০তম সেঞ্চুরি।
এর আগে অস্ট্রেলিয়ায় খেলা ২৯ ইনিংসে রুটের সর্বোচ্চ ছিল মাত্র ৮৯। বারবার কাছে গিয়েও তিন অঙ্ক ছুঁতে না পারা সেই হতাশা কাটালেন এবার ব্রিসবেনে এসে। একই সঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে পূর্ণ করলেন হাজার টেস্ট রান—যা তাঁর দীর্ঘ সংগ্রামের সাক্ষী।
এই সিরিজ শুরুর আগে সবচেয়ে বড় প্রশ্ন ছিল—‘রুট কি কখনো অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করতে পারবেন?’
পার্থে সে প্রশ্নের উত্তর দিতে পারেননি। প্রথম ইনিংসে শূন্য আর দ্বিতীয় ইনিংসে করেন মাত্র ৮। কিন্তু ব্রিসবেনে নেমেই পুরো চিত্রটাই বদলে দিলেন।
আরও পড়ুনঃ
২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ: দেখুন পুরো সময়সূচি ও ভেন্যু
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান
তবে রুটের সেঞ্চুরির আলোয় সবটা ঢাকা পড়ে যায়নি। নিজের চেনা গোলাপি বল হাতে মিচেল স্টার্ক দেখালেন আগ্রাসী রূপ। তুলে নিলেন ৬ উইকেট—বেন ডাকেট, ওলি পোপ, হ্যারি ব্রুক, উইল জ্যাকস, ব্রাইডন কার্স ও গাস অ্যাটকিনসন—একাই অর্ধেকের বেশি দল গুটিয়ে দিলেন।

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরির পর রুটের উদযাপন। সিএ
আর এই দিনেই ওয়াসিম আকরামের ৪১৪ উইকেট ছাড়িয়ে বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক হলেন স্টার্ক—এক অনন্য অর্জন।
ইংল্যান্ড প্রথম ইনিংসে সব মিলিয়ে করে ৩২৫ রান। ২৬৪ রানে ৯ উইকেট হারানোর পর শেষ জুটিতে আসে মূল্যবান ৬১ রান। রুট অপরাজিত থাকেন ১৩৫ রানে, আর জফরা আর্চার খেলেন লড়াকু ৩২ রানের ইনিংস।
দীর্ঘ অপেক্ষার অবসান, ক্যারিয়ারের নতুন মাইলফলক—রুটের ব্রিসবেন সেঞ্চুরি তাই হয়ে রইল বিশেষ স্মরণীয়।