
হারের গণ্ডি পেরোতে পারছে না নোয়াখালী এক্সপ্রেস। বিপিএলে নিজেদের প্রথম আসরেই টানা তিন ম্যাচে পরাজয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়ল সুজনের নেতৃত্বাধীন দলটি। অন্যদিকে ঢাকার বিপক্ষে আগের ম্যাচের হার ভুলে গিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। নোয়াখালীর দেওয়া ১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তামিম ইকবাল, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিমের ব্যাটে অনায়াস জয় তুলে নেয় রাজশাহী।
১২৫ রানের লক্ষ্যে ব্যাটিং শুরুটা অবশ্য ভালো হয়নি রাজশাহীর। প্রথম ওভারেই ওপেনার শাহেবজাদা ফারহানকে হারিয়ে চাপে ফেলার ইঙ্গিত দেয় নোয়াখালী। তবে এরপর অধিনায়ক শান্ত ও তামিম ইকবাল মিলে ৬৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলের ভিত মজবুত করেন। তামিম ২৯ এবং শান্ত ২৪ রান করে আউট হলে হঠাৎ করেই ম্যাচে ফেরার সুযোগ পায় নোয়াখালী। মাত্র ৬ রানের ব্যবধানে তিনটি উইকেট তুলে নেয় তারা। কিন্তু অভিজ্ঞতা দিয়ে সেই চাপ সামাল দেন মুশফিকুর রহিম। ইয়াসির আলী রাব্বিকে সঙ্গে নিয়ে ৫২ রানের অবিচ্ছিন্ন জুটিতে রাজশাহীকে ১১ বল হাতে রেখেই ৬ উইকেটের সহজ জয় এনে দেন মুশফিক।
নোয়াখালীর বোলিংয়ে এদিন কিছুটা আলো ছড়ান হাসান মাহমুদ। তিনি ২টি উইকেট শিকার করেন। এছাড়া রেজাউর রহমান রাজা ও জাহির খান একটি করে উইকেট নেন।
READ MORE: ৩০ লাখ টাকায় ২০২৬ বিপিএলে নতুন ট্রফি,কেন আলাদা!
এর আগে টসে জিতে রাজশাহী ওয়ারিয়র্স প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নোয়াখালী এক্সপ্রেস। পাওয়ারপ্লের মধ্যেই দুই ওপেনারকে হারায় তারা। সোহান ৬ বলে ৫ রান করে ফিরে যাওয়ার পর তিন নম্বরে নামা সাব্বির হোসেন ১১ বলে মাত্র ৬ রান করে আউট হন। ওপেনার মাজ সাদাকাত ১৯ বলে ২৫ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি। পরে মাহিদুল ইসলাম অংকন ও অধিনায়ক হায়দার আলী কিছুটা জুটি গড়লেও নিয়মিত উইকেট পড়ায় গতি পায়নি ইনিংস। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৪ রানেই থামে নোয়াখালীর ইনিংস।
রাজশাহীর বোলিং আক্রমণে এদিন ছিলেন দুর্দান্ত রিপন মন্ডল। আগের দুই ম্যাচে একাদশের বাইরে থাকা এই পেসার ৪ ওভারে একটি মেইডেনসহ ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তাকে ভালো সমর্থন দেন তানজিম সাকিব (২ উইকেট), বিনুরা ফার্নান্দো ও হুসাইন তালাত (১টি করে উইকেট)।
এই জয়ের ফলে তিন ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে রাজশাহী ওয়ারিয়র্স। বিপরীতে টানা তিন ম্যাচে হেরে টেবিলের একেবারে নিচে অবস্থান করছে নোয়াখালী এক্সপ্রেস।