
নারী ফুটবলের রূপকথা: ফিফা র্যাঙ্কিংয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ
বাংলাদেশের ফুটবলে নতুন এক আশার আলো জ্বালাচ্ছেন নারীরা। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নেওয়ার পর এবার এএফসি এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নিয়েছেন মনিকা-আফিদারা। এই অসাধারণ অর্জনের স্বীকৃতি মিলেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার কাছ থেকেও। ফিফার সদ্য প্রকাশিত নারী ফুটবল র্যাঙ্কিংয়ে এসেছে বাংলাদেশ দলের জন্য দারুণ এক সুসংবাদ।

বাংলাদেশ নারী ফুটবল দলের উল্লাস। ছবি- বাফুফে
গত জুলাইয়ে মিয়ানমারে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপ ও ২০২৭ বিশ্বকাপের প্রাথমিক বাছাইয়ে দুর্দান্ত পারফর্ম করেছে পিটার বাটলারের শিষ্যরা। তুর্কমেনিস্তান, মিয়ানমার ও বাহরাইনের বিপক্ষে টানা জয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে লাল-সবুজের মেয়েরা।
এই সফলতা সরাসরি প্রতিফলিত হয়েছে আগস্টে প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে। ২৪ ধাপ এগিয়ে এক লাফে ১০৪ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ নারী দল—যা এই র্যাঙ্কিংয়ের সবচেয়ে বড় অগ্রগতি। জুলাইয়ের পারফরম্যান্সের ভিত্তিতে বাংলাদেশ পেয়েছে ৮০.৫১ নতুন রেটিং পয়েন্ট, যা তাদের আগের ১০৯৯.৮৭ পয়েন্টের সঙ্গে যোগ হয়ে দাঁড়িয়েছে ১১৭৯.৮৭-এ। আগে বাংলাদেশ ছিল ১২৮ নম্বরে।
এদিকে, ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে প্রথমবারের মতো শীর্ষে উঠে এসেছে স্পেন। তিন ধাপ এগিয়ে সুইডেন উঠে এসেছে তৃতীয় স্থানে, আর একধাপ এগিয়ে ইংল্যান্ড এখন চতুর্থ। জার্মানি পিছিয়েছে দুই ধাপ, অবস্থান এখন পঞ্চম।
আরো পড়ুনঃ বাংলাদেশ পড়েছে শক্তিশালী গ্রুপে | এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬
অন্যদিকে, ফ্রান্স চার ধাপ এগিয়ে দশ থেকে উঠে এসেছে ছয়ে। ব্রাজিল তিন ধাপ পিছিয়ে এখন সাতে। যদিও তারা কোপা আমেরিকা জয় করেছে, তবে তা র্যাঙ্কিংয়ে খুব একটা প্রভাব ফেলেনি। আর্জেন্টিনা অবস্থান করছে ৩০তম স্থানে।
বাংলাদেশ নারী দলের এই অভাবনীয় সাফল্য গোটা জাতিকে গর্বিত করেছে। এখন সময় এগিয়ে যাওয়ার, বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান আরও দৃঢ়ভাবে জানান দেওয়ার।