ব্রাজিল নয়, বিশ্ব‌কাপে চার দলকে এগিয়ে রাখলেন ভিনি
Ad Banner

ব্রাজিল নয়, বিশ্ব‌কাপে চার দলকে এগিয়ে রাখলেন ভিনি

  • প্রকাশিত হয়েছে: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬ বার এই মুহূর্তে
ব্রাজিল
                       

কার্লো আনচেলোত্তি ডাগআউটে ফেরার পর থেকেই ব্রাজিলে যেন আবার জেগে উঠেছে ‘হেক্সা’ স্বপ্ন। বহু প্রতীক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ জয়ের আশায় নতুন করে বুক বাঁধছেন সেলেসাও সমর্থকেরা। অভিজ্ঞ এই ইতালিয়ান কোচের হাত ধরেই হারানো গৌরব ফিরে আসবে—এমন বিশ্বাস এখন বেশ জোরালো।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া আগামী বিশ্বকাপ ঘিরে ব্রাজিল যখন স্বপ্ন বুনতে শুরু করেছে, ঠিক তখনই দলটির অন্যতম তারকা ভিনিসিয়াস জুনিয়রের মন্তব্য কিছুটা বিস্ময় জাগিয়েছে। রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার বিশ্বকাপ জয়ের দৌড়ে চারটি দলকে এগিয়ে রাখলেও সেখানে নিজের দেশ ব্রাজিলের নাম বলেননি।

স্প্যানিশ ইউটিউবার ইবাই লানোসকে দেওয়া এক সাক্ষাৎকারে ভিনিসিয়াস আনচেলোত্তিকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। ব্রাজিল কোচকে ‘দাদার’ সঙ্গে তুলনা করে তিনি বলেন, জাতীয় দলে আনচেলোত্তির উপস্থিতি তার জন্য দারুণ অভিজ্ঞতা। ভিনির ভাষায়, তার ক্যারিয়ারে এটি অন্যতম সেরা ঘটনা। তিনি বিশ্বাস করেন, আনচেলোত্তি ব্রাজিলকে ষষ্ঠ শিরোপা জিততে সহায়তা করতে পারেন।

আরও পড়ুনঃ রিয়ালের বেঞ্চবয় এন্দ্রিক লিঁওতে করলেন হ্যাটট্রিক

তবে সম্ভাব্য ফেবারিট হিসেবে ভিনি বেছে নিয়েছেন পর্তুগাল, স্পেন, ফ্রান্স ও আর্জেন্টিনাকে। তার মতে, এই চার দল দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলছে, স্কোয়াডে ধারাবাহিকতা রয়েছে, বড় পরিবর্তন হয়নি—যা তাদের বাড়তি সুবিধা দিচ্ছে।

রিয়াল মাদ্রিদে থাকার সময় আনচেলোত্তির অধীনেই নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন ভিনিসিয়াস। কোচের সঙ্গে তার সম্পর্ক যে বিশেষ, সেটি কথাতেই স্পষ্ট। ভিনি জানান, প্রায়ই ফোন করে আনচেলোত্তি তাকে বলেন—“আমরা কিন্তু বিশ্বকাপ জিতব!” এমন আত্মবিশ্বাসই দলকে অনুপ্রাণিত করছে।

আনচেলোত্তির কাজের ধরন নিয়েও প্রশংসা করেছেন ভিনি। দ্রুত পর্তুগিজ ভাষা রপ্ত করা থেকে শুরু করে পুরো কোচিং স্টাফের সঙ্গে দারুণ সমন্বয়—সবকিছুই ব্রাজিল দলে ইতিবাচক পরিবর্তন এনেছে। তার মতে, কোচ আসার পর দল আরও সংগঠিত, শান্ত ও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে।

ব্রাজিলে বিশ্বকাপ মানেই ভিন্ন আবহ। ভিনিসিয়াস বলেন, দেশে তখন যেন সবকিছু থেমে যায়—স্কুল, কাজ, দৈনন্দিন জীবন—সবকিছু ছাপিয়ে ফুটবলই হয়ে ওঠে একমাত্র আলোচনার বিষয়। তাই আনচেলোত্তির হাত ধরে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে পুরো দেশ।

আগামী ১২ জুন শুরু হওয়া বিশ্বকাপে গ্রুপ ‘সি’-তে খেলবে ব্রাজিল। গ্রুপপর্বে তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। তার আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে মাঠে নামবে সেলেসাওরা।

, , , , , , , , , , , , , , , , , , ,

Share Your Thoughts

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরও পড়ুন এই ক্যাটেগরিতে