
বিএনপির চেয়ারপার্সন ও বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে দেশজুড়ে জাতীয় শোক পালনের অংশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫–২৬ মৌসুমের আজকের ম্যাচগুলো স্থগিত করার ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার প্রকাশিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্সের মধ্যকার নির্ধারিত দুটি ম্যাচ আপাতত স্থগিত রাখা হয়েছে। ম্যাচগুলো পরবর্তীতে নতুন সূচি অনুযায়ী আয়োজন করা হবে।
বিসিবি আরও জানিয়েছে, সংশ্লিষ্ট দল ও দর্শকদের যথাসময়ে সংশোধিত সূচি জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ: দেখুন পুরো সময়সূচি ও ভেন্যু
বেগম খালেদা জিয়ার শাসনামলে দেশের ক্রীড়াঙ্গন তুলনামূলকভাবে রাজনৈতিক প্রভাবমুক্ত ছিল বলে মনে করেন অনেকেই। সে সময় দলীয় পরিচয়ের বাইরে দক্ষ ও অভিজ্ঞ ক্রীড়া সংগঠকেরা দায়িত্ব পালনের সুযোগ পেয়েছিলেন। ক্রীড়া খাতের নীতিগত উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও খেলাধুলার সম্প্রসারণে তাঁর অবদান উল্লেখযোগ্য।
দীর্ঘদিন ধরেই নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন বিএনপির এই শীর্ষ নেত্রী। চলতি বছরের ৭ জানুয়ারি মুক্তির পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নেওয়া হয়। সেখানে কিছুটা শারীরিক উন্নতি হলেও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। বয়সজনিত দুর্বলতা ও একাধিক রোগের কারণে তাঁকে বারবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
সর্বশেষ গত ২৩ নভেম্বর তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় এক মাসেরও বেশি সময় সেখানে চিকিৎসাধীন থাকলেও শেষ পর্যন্ত আর সাড়া মেলেনি। অবশেষে ‘দেশনেত্রী’ ও ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া দেশের রাজনৈতিক অঙ্গন থেকে চিরবিদায় নিলেন।