
ভারত টেস্টে দুটোর দু’টোতেই হারের পর,দক্ষিণ আফ্রিকা সিরিজেও ১ম টেস্টের ১ম দিনে ব্যাটিং ব্যর্থতা লেগেই রয়েছে। প্রোটিয়া বোলারদের কাছে মাত্র ১০৬ রানে গুটিয়ে গিয়েছে বাংলাদেশ। তবে জয়ের আশা নিভতে দেননি,সাকিবকে টপকে যাওয়া তাইজুল ইসলাম। আজ তার ফাইফারের কল্যানে তিনি ২০০+ উইকেট শিকারের কীর্তি গড়েছেন।
আজ ২১ অক্টোবর (সোমবার) দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। মিরপুরে শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ কাপ্তান নাজমুল হোসেন শান্ত।

তাইজুল ইসলামের বোলিং জাদুতে,১ম ইনিংসে খানিকটা স্বস্তিতে বাংলাদেশ | সংগৃহীত
প্রথম টেস্টের ১ম দিনে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ওপেনার মাহমুদুল হাসান জয়ের ৩০ ও শেষদিকে মেহেদি হাসান মিরাজ (১৩) ও তাইজুল ইসলামদের (১৬) ছোট ছোট ক্যামিওতে কোনোমতে শতরান পার করে টাইগাররা। দক্ষিণ আফ্রিকার পক্ষে ৩টি করে উইকেট শিকার করেছেন কাগিসো রাবাদা, উইয়ান মুল্ডার ও কেশভ মহারাজ।

রাবাদাদের বোলিং দাপটে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশী ব্যাটারেরা | ছবি: সংগৃহীত
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খায় দক্ষিণ আফ্রিকা। দলীয় ৯ রানে অধিনায়ক এইডেন মার্করামের উইকেট তুলে নেন হাসান মাহমুদ। এরপর দ্বিতীয় উইকেটে টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবসের ৪১ রানের জুটি ভাঙেন তাইজুল।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট তুলতে থাকেন তাইজুল। ট্রিস্টান স্টাবস (২৩), ডেভিড বেডিংহাম(১১), টনি ডি জর্জি(৩০), ম্যাথিউ ব্রিটজেকে (০) এবং ১০৮ রানের মাথায় রায়ান রিকেলটনকে (২৭) ফিরিয়ে নিজের ফাইফার পূর্ণ করেন এই স্পিনার।
শেষদিকে বাংলাদেশের বোলারদের বিপক্ষে শক্ত প্রতিরোধ গড়ে তুলেন কাইল ভেরেনে ও উইয়ান মুল্ডার। তাদের ৩২ রানের জুটিতে ভর করে আর কোনো উইকেট না হারিয়ে দিন শেষ করেছে প্রোটিয়ারা। ভেরেন ১৮ ও মুল্ডার ১৭ রানে অপরাজিত আছে। সফরকারীদের লিড দাঁড়িয়েছে ৩৪ রান।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ
১০৬/১০ (৪০.১)
মাহমুদুল হাসান জয় ৩০(৯৭)
তাইজুল ইসলাম ১৬ (৩১)
মাহারাজ ১৬.১-৪-৩৪-৩
রাবাদা ১১-৪-২৬-৩
দক্ষিণ আফ্রিকা
১৪০/৬* (৪১)
টনি দে জর্জি ৩০(৭২)
রায়ান ২৭(৪৯)
তাইজুল ১৫-২-৪৯-৫
হাসান ৮-১-৩১-১